ডিজিটাল ডেক্সসমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন। তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে নাট্যচর্চার ভূমিকা অপরিসীম।
আজ ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুনসহ নাট্য ব্যক্তিত্ব ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
শারমীন এস মুরশিদ বলেন, আধুনিক প্রযুক্তির যুগে সত্ত্বেও মঞ্চ নাটক মানুষের হৃদয়ে রয়ে গেছে। তিনি লোক নাট্যদলের তরুণ সদস্যদের সৃজনশীল মনোভাবের প্রশংসা করে বলেন, শিশুদের মনোজগতে সুস্থ ও সুন্দর সংস্কৃতিমনা ছড়িয়ে দিতে শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়ন একক কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়, তাই বিভিন্ন নাট্য সংগঠন ও সাংস্কৃতিক জোটের মধ্যে সমন্বয় দরকার। উপদেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।