নিজস্ব প্রতিনিধিবাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করে তারা দেশের জন্য দ্বিতীয় পদক এনে দিলো। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব–১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক জিতে ইতিহাস রচনা করেছিল। ফলে গেমসের কাবাডি ডিসিপ্লিনে এখন পর্যন্ত মোট দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।
বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ বালক দল স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে। সাতটি অংশগ্রহণকারী দলের মধ্যে তৃতীয় হয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে নেয় ক্রীড়াঙ্গনের গর্ব।
ম্যাচটি দেখতে ও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজয়ের পর, দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল–সবুজের ছেলেরা। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তবে অল্প ব্যবধানে থাইল্যান্ডের কাছে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারিয়ে সান্ত্বনা পদক জয় করে দলটি।
এর আগে অনুষ্ঠিত দুটি এশিয়ান যুব গেমসে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডির হাত ধরেই বাংলাদেশ পেল তাদের ইতিহাসের সেরা সাফল্য—এক আসরে দুটি ব্রোঞ্জ পদক।