আল আমিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামি ছেলে অমিত ও মা কনিকা উষাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন-উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকার বাসিন্দা অমিত ও তার মা কনিকা উষা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন জানান, রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সন্ধ্যার পর নিজের বাসা থেকে বের হয়ে শিক্ষিকার বাসার উদ্দেশে রওনা হলে পথে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে অর্জুন ও তার পরিবারের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে