গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন ডিবি রোডে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের শেকড় উপড়ে ফেলা হবে। তারা বলেন, “কলম ও ক্যামেরা এবার রূপ নেবে প্রতিরোধের অস্ত্রে।”
প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজুসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে হত্যাকারী ও তাদের গডফাদারদের গ্রেপ্তার করে জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে গেছে। সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও কার্যকর প্রয়োগ ছাড়া এ হত্যাযজ্ঞ থামানো সম্ভব নয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনাটি দেশের সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।