নিজস্ব প্রতিবেদকযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উত্তরবঙ্গে রাজশাহী এবং দক্ষিণবঙ্গে বরিশাল বা খুলনায় বিপিএলের ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি কর্মকর্তারা ইতোমধ্যে রাজশাহী স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে কয়েকটি ম্যাচ আয়োজন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।